ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীর সংলাপে বেশি মনোযোগ দেওয়া হলে ১৮ ডিসেম্বরের সংসদ নির্বাচন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নবগঠিত কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
রোববার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএসএ দলের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা সৈয়দ ইবরাহিম বলেন, "দুই নেত্রীর সংলাপ নিয়ে বেশি মনোযোগ দেওয়া হলে আগামী ১৮ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত হতে পারে। এ নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে।"
রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে আরো বেশি 'মনোযোগী' হওয়ার পরামর্শ দেন তিনি।
এদিন শাওয়াল খানের নেতৃত্বে ৫০ জন ব্যবসায়ী কল্যাণ পার্টিতে যোগ দেন।
দলে নবাগতদের উদ্দেশে মুহাম্মদ ইবরাহিম বলেন, "কল্যাণ পার্টি সহিংসতার রাজনীতি করে না। আমরা নতুন ধারার রাজনীতির সূচনা করেছি। এ দলে যোগ দিয়ে আপনারা সফল হবেন, এটাই আমি মনে করি।"
পরে তিনি নবাগতদের নিয়ে ইফতার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/২২২৭ঘ.
bdnews24