ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় জব্দ করা ২৩টি আলামত খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার মামলার শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা সমীর কুমার মুখার্জী ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. গোলাম মর্তুজা মজুমদারের আদালতে সাক্ষ্য দিতে এলেও আলামত না থাকায় তাকে দিয়ে তা সনাক্ত করানো যায়নি।
সাক্ষ্য নেওয়ার সময় মামলার আসামি এরশাদ, সাবেক টিঅ্যান্ডটি বোর্ডের ব্যবস্থাপক আনোয়ারুল কাদের ও এক্সপো ট্রেডের মালিক মজিদ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
সমীর কুমার আদালতকে বলেন, তিনি ১৯৯৫ সালের ১২ আগস্ট ২৩টি আলামত আদালতের দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমানে দুর্নীতি দমন কমিশন) প্রসিকিউটিং শাখায় বুঝিয়ে দিয়েছেন।
তদন্ত কর্মকর্তার আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার আবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আলামত নিখোঁজ হওয়া সম্পর্কে মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর মো. সহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৯৫ থেকে ৯৬ সালে এ মামলা শুনানি হয়েছে জেল গেটের আদালতে। পরে মামলাটি বিশেষ জজ আদালতে আনা হয়। এর মধ্যে কোনো এক সময় আলামত 'মিসপ্লেস' হতে পারে।"
তিনি বলেন, "আমি আদালতে দুদকের দুটি প্রসিকিউটিং শাখায় আলামতগুলো অনেক খুঁজেছি, কিন্তু পাইনি।"
দেশের ৮৯টি উপজেলায় টেলিফোন লাইন স্থাপনে দুর্নীতি করার অভিযোগে ১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। ২০০৩ সালের ৭ মে এরশাদ, সাবেক মন্ত্রী ফিরোজ রশীদ চৌধুরীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
পরে ফিরোজ রশীদ চৌধুরীকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার অন্য আসামিরা হলেন- টিঅ্যান্ডটি বোর্ডের সাবেক চেয়ারম্যান মাকসুদ আলী খান ও সাবেক উপমহাব্যবস্থাপক শামসুল ইসলাম (পলাতক)। মাকসুদ আলী খান মারা গেছেন। শামসুল ইসলাম পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জেকে/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24