ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৫১৫ জনের জামিনের মেয়াদ চার মাস করে বাড়িয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি একেএম ফজলুর রহমান ও বিচারপতি শেখ আবদুল আউয়ালের অবকাশকালীন বেঞ্চ তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
একই দিনে এতজনের জামিনের মেয়াদ বাড়ানোকে হাইকোর্টের রুটিন কাজ হিসেবে বর্ণনা করেছেন মওদুদ আহমদ ও তারেক রহমানের কৌঁসুলি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম, জয়নাল আবেদীন ফারুক, নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু প্রমুখ রয়েছেন জামিনের মেয়াদ বৃদ্ধির তালিকায়।
তারেক রহমানের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে দু'টি চাঁদাবাজির মামলায়। মাদকদ্রব্য মামলায় ব্যারিস্টার মওদুদ আহমেদ, ত্রাণের ঢেউটিন আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা পৃথক চারটি মামলায় সালাহউদ্দিন আহমেদের জামিনের মেয়াদ বেড়েছে।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, "জামিনের মেয়াদ বাড়ানো হাইকোর্টের একটি রুটিন কাজ। সাধারণত হাইকোর্ট কোন বিষয়ে আদেশ দিলে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমএইচবি/২২২৭ ঘ.
bdnews24