২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি মামলায় হাসিনার জামিন আবেদন ফেরত

নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের আবেদন ফেরত দিয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। এই তথ্য জানিয়ে শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন আগামী সোমবার আবেদন দুটি আরেকটি বেঞ্চে পেশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের আবেদন ফেরত দিয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। এই তথ্য জানিয়ে শেখ হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন আগামী সোমবার আবেদন দুটি আরেকটি বেঞ্চে পেশ করা হবে। ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "জামিনের আবেদনের ওপর শুনানি গ্রহণের এখতিয়ার না থাকায় মঙ্গলবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি শেখ আবদুল আউয়ালের অবকাশকালীন বেঞ্চ আবেদন দুটি ফেরত দিয়েছে।" তিনি জানান, বিষয়টি নিয়ে এরপর প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের কাছে গেলে তিনি তা শুনানির জন্য বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অবকাশকালীন বেঞ্চকে সোমবার থেকে এখতিয়ার দিয়েছেন। তাপস বলেন, "আগামী সোমবার আবেদন দুটি আবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বের বেঞ্চে দায়ের করব।" গত সোমবার নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় হাসিনার জামিনের আবেদন করা হয়েছিল। এদিকে নূর আলীর চাঁদাবাজির মামলায় হাসিনার জামিনের আবেদনটির ওপর বুধবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। এই বেঞ্চে রোববার এ আবেদনটি করা হয়েছিল। দুর্নীতি দমন কমিশন গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে। মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধভাবে বিনা দরপত্রে দেয়ায় রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ বছর ৭ মে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারী খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর মামলা করে দুদক। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৭ সালের ১৩ জুন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী তেঁজগাও থানায় ৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা, তার দুই আত্মীয় শেখ হেলাল ও তার স্ত্রী রুপার চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই বছরের ৭ আগস্ট শেখ হাসিনার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলায় শেখ হাসিনাকে জামিন দিয়েছিল। তবে গত বছরের ২৭ আগস্ট আপিল বিভাগ ওই জামিন স্থগিত করে দেয়। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর এবছর ১১ জুন সরকারের নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২৩৩৬ ঘ.