ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল নিবন্ধন ও নির্বাচনে রাজি হয়েছে বিএনপি। তবে জাতীয় নির্বাচনের মাত্র পাঁচ দিন পরে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করেছে দলটি। চার সিটি কর্পোরেশনের মেয়রও বুধবার উপজেলা নির্বাচনের তারিখ এক মাস পেছানোর দাবি জানিয়েছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাফ জানিয়ে দিয়েছেন, তারিখ পিছানো হবে না।
বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করে।
বৈঠকের পর দলটির সিনিয়র সহ সভাপতি এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কয়েকটি বিষয়ে পরিবর্তন আনছে। এ ব্যাপারে আমাদের বক্তব্য কমিশনের কাছে তুলে ধরেছি। তারা আমাদের কথা শুনেছেন। আমরা নিশ্চই নিবন্ধন করব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।"
এম কে আনোয়ার জানান, বিএনপি জাতীয় নির্বাচনের মাত্র পাঁচ দিন পরে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষে। উপজেলা নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে তার দল।
এদিকে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে 'জাতীয় নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্পের স্থায়ী কমিটির সভা' শেষে সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বরিশালের মেয়র শওকত হোসেন হিরণ সাংবাদিকদের বলেন, দুই নির্বাচনের মধ্যে মাত্র এক সপ্তাহের পার্থক্য যথেষ্ট নয়। এ জন্য অন্তত এক মাস সময় প্রয়োজন।
বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে সংলাপের পর সিইসি এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "বিএনপি নিবন্ধনে আগ্রহী। এতে আমরা খুবই আনন্দিত। তারা ১৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন করবে বলে জানিয়েছে। আশা করছি, অন্য দলগুলোও নিবন্ধনের কাজ সেরে ফেলবে।"
উপজেলা নির্বাচনের তারিখ প্রসঙ্গে তিনি বলেন, "ঘোষিত তারিখ পিছানো হবে না। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে তারিখ জানিয়ে দিয়েছেন।"
২০০৯ সালে নতুন সরকার আসবে। এর আগে জাতীয় ও উপজেলা নির্বাচন শেষ করে ফেলতে চান। নির্ধারিত সময়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে ইসির সব রকম প্রস্তুতি আছে বলে জানান তিনি।
সিইসি ছাড়াও বৈঠকে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমকে/এমএআর/জেকে/এমএইচবি/১৮৩২ ঘ.
bdnews24