২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নে তৃণমূল নেতৃত্বকে প্রাধান্য দেবে আ.লীগ: আশরাফ

জাতীয় নির্বাচনে মনোনয়নের ব্যাপারে দলের তৃণমূল নেতৃত্বকেই প্রাধান্য দেবে আওয়ামী লীগ। এছাড়া নির্বাচনী ব্যয় মেটাতে ঘোষণা দিয়ে তহবিল সংগ্রহের কথা ভাবছে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুবকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনে মনোনয়নের ব্যাপারে দলের তৃণমূল নেতৃত্বকেই প্রাধান্য দেবে আওয়ামী লীগ। প্রতি আসনে তৃণমূল পর্যায় থেকে পাঠানো পাঁচ মনোনয়ন প্রার্থীর মধ্য থেকেই একজনকে মনোনীত করা হবে। পাশাপাশি নির্বাচনী ব্যয় মেটাতে ঘোষণা দিয়ে তহবিল সংগ্রহের কথা ভাবছে দলটি। মঙ্গলবার দুপুরে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুবকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তার দলের নির্বাচনী প্রস্তুতি শুরু করার কথা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচনকে সামনে রেখেই আওয়ামী লীগের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। দলের নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।" তিনি জানান, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম। তার সঙ্গে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত আমলা ও সেনা কর্মকর্তাও থাকবেন। আওয়ামী লীগ তাদের নির্বাচন কার্যক্রম চালাতে পরিচালনা কমিটির মতামত আমলে নেবে কিনা- এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আশরাফুল ইসলাম বলেন, "২২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে যে 'নির্বাচন পরিচালনা কমিটি' করা হয়েছিল তারা শুধু সভানেত্রীকে সহযোগিতা করতেন। এবারের কমিটি কী করবে সেটিও নেত্রী দেশে ফিরেই নির্ধারণ করবেন।" নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া কী হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "মনোনয়নের বিষয় তো আরপিও তে বলা আছে। আমরাও কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে এই আরপিও সমর্থন করেছি। এজন্য তৃণমূল থেকে পাঁচ জনের নাম পাঠাবে। মনোনয়ন বোর্ড সেখান থেকে একজনকে মনোনয়ন দেবে।" নির্বাচনী ব্যয় মেটাতে তহবিল সংগ্রহ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "সিডরের সময় ত্রাণ সংগ্রহে আমরা যেরকম সাড়া পেয়েছি এবারও যদি সেরকম কোন উদ্যোগ গ্রহণ করি তা হলে ইতিবাচক সাড়া পেতে পারি। এই বিষয়টি আমাদের চিন্তায় রয়েছে।" তিনি আরো জানান, নির্বাচনী প্রচারণার জন্য আওয়ামী লীগ টেলিভিশন ও রেডিওতে বিজ্ঞাপন দেবে। মোবাইল ফোনে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে প্রচারণা চালানোর কথাও ভাবা হচ্ছে বলে জানান আশরাফ। আওয়ামী লীগ প্রচারণায় সাধ্যমত তথ্যপ্রযুক্তিও ব্যবহার করবে বলে জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় 'ফেসবুক' বা 'ইউটিউব' ব্যবহারের কথা উল্লেখ করে আশরাফুল ইসলাম বলেন, "তাদের মতো আমাদের দেশে তো আর সেভাবে সম্ভব হবে না। তবে তথ্য প্রযুক্তির যতটুকু ব্যবহার সম্ভব নির্বাচনে আমরা তার সবই করবো।" ঈদের পরই আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে নিজেদের নাম নিবন্ধন করাবে বলেও জানান সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "আমি গতকালই (সোমবার) এইচ টি ইমাম ও আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে কথা বলেছি। তাদের দু'জনকে আরপিও অনুযায়ী গঠনতন্ত্রে কী কী পরিবর্তন আনতে হবে তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। নেত্রীর উপস্থিতিতে আমাদের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বিষয়গুলো অনুমোদন করে অঙ্গীকারনামাসহ নিবন্ধনের জন্য আমরা নির্বাচন কমিশনে জমা দেব।" সভানেত্রী শেখ হাসিনা চিকিৎসা শেষে দেশে ফিরলেই মহাজোট পুনরুজ্জীবিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আশরাফ। তবে তার ভাষায়, গতবারের তুলনায় এবার 'নতুন মডেলের' মহাজোট হবে। নতুন মহাজোটে আরও দল সংযোজিত হতে পারে উল্লেখ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "ওয়ান ইলেভেনের পর যে দলগুলো হয়েছে আমি তাদের সঙ্গে কথা বলছি না। সিপিবি'র মতো দল আসতে পারে। তাদেরকে মহাজোটে আনতে আমরা চেষ্টা চালাবো।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, চিকিৎসার কারণে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কিছুটা অনিশ্চিত হয়ে গেছে। ১৭ অক্টোবর তার এক চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে বলে জানান আশরাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/১৮১৬ঘ.