ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, তার দল নির্বাচনে অংশ নেবে; তবে তিনি 'ব্যক্তিগতভাবে' মনে করেন, উপজেলা নির্বাচনের তারিখ এক থেকে দু'মাস পিছালে ভালো হবে। তার যুক্তি: একই সময়ে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন করা কঠিন হবে।
সোমবার সন্ধ্যায় গুলশানে নিজের বাসায় জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনের তারিখ এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শর্ত শিথিল করার ঘোষণায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে জিল্লুর রহমান বলেন, "আওয়ামী লীগের দাবি মেনেই নির্বাচন কমিশন এটা করেছে। তবে একই সময়ে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচন কঠিন হয়ে পড়বে।"
উপজেলা নির্বাচনের তারিখ এক থেকে দু'মাস পেছানোর আহবান জানিয়ে তিনি বলেন, "এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলেও পরবর্তী সরকার এসে নির্বাচন করতে পারে।"
অবশ্য তিনি বলেন, উপজেলা নির্বাচন পেছানোর বিষয়টি একান্তই তার ব্যক্তিগত মতামত; দলীয় নয়।
গত শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ জানান, নির্বাচন কমিশন আগামী ১৮ ডিসেম্বর জাতীয় এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জেকে/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24