খুলনা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি এম নুরুল ইসলাম দাদু এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর বহস্কারাদেশ স্থগিত করা হয়েছে।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাহারুজামান মোর্তজা স্বাক্ষরিত সংবাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ সাহারুজ্জামান মোর্তজাকে টেলিফোন করে বহিস্কারাদেশ স্থগিত করতে বলেন।
টেলিফোনে তিনি মোর্তজাকে বলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃত্বেই মহানগরীতে বিএনপির রাজনীতি পরিচালিত হবে। তবে দেশের এই 'ক্রান্তিকালে' দলের স্বার্থে খুলনা মহনগরের সাবেক সভাপতি নুরুল ইসলাম দাদু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর বহিস্কারাদেশ আপাতত স্থগিত করা হয়েছে।
এদিকে এম নুরুল ইসলাম দাদু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ টেলিফোনে মোর্তজাদের দেওয়া বহিস্কারাদেশের বিবৃতি প্রত্যাহার করে নিতে বলেছেন।
এ কারণে সোমবার তার অনুসারীদের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
শনিবার দাদু ও মঞ্জুকে দল থেকে বহিস্কার করে বিবৃতি দেয় মহানগর আহ্বায়ক কমিটি। বহিস্কারের এ সিদ্ধান্ত কেন্দ্রের অনুমোদনের জন্যও পাঠানো হয়েছিল।
এ দুজনকে বহিস্কারের প্রতিবাদে তাদের অনুসারীরা সোমবারের সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24