খুলনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারপন্থী হিসেবে পরিচিত খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি এম নুরুল ইসলাম দাদু ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য তা কেন্দ্রে পাঠিয়েছে মহানগর আহ্বায়ক কমিটি।
শনিবার মহানগর বিএনপি আয়োজিত বন্দিমুক্তি দিবসের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক সাহারুজ্জামান মোর্ত্তজা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দাদু ও মঞ্জু ওয়ান ইলেভেনের পর মান্নান ভূঁইয়া ও আশরাফ হোসেনের সংস্কারপন্থী রাজনীতি প্রতিষ্ঠায় আপ্রাণ চেষ্টা এবং জিয়া পরিবার সম্পর্কে কটুক্তি করেন।'
সভায় 'সর্বসম্মতিক্রমে' তাদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ এবং অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে মহানগর আহ্বায়ক কমিটির সদস্য শেখ আমজাদ হোসেন, মাস্টার শহীদুল ইসলাম, সিনা আজিজুর রহমান, এনামুল হাসান ডায়মন্ড, মাহফুজুল করিম, সদর থানা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
বহিষ্কারাদেশ সম্পর্কে নুরুল ইসলাম দাদু বলেন, "আহ্বায়ক কমিটি আমাদের দল থেকে বহিষ্কার করার কোনো ক্ষমতা রাখে না। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী।"
নজরুল ইসলাম মঞ্জু বলেন, "বন্দিমুক্তি দিবসের সভায় কোনো নেতাকে বহিষ্কার করা যায় না। ওই সভায় আহ্বায়ক কমিটির দুই তৃতীয়াংশ সদস্য উপিস্থিত ছিল না। এভাবে কোনো বহিষ্কার হয় না। এটা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক।"
মহানগর আহ্বায়ক কমিটি কাউকে দল থেকে বহিষ্কার করতে পারে কি না- এ প্রশ্নের জাবাবে সাহারুজ্জামান মোর্ত্তজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েিেছ। কেন্দ্র থেকে সিদ্ধান্ত দিলেই তারা চূড়ান্তভাবে বহিষ্কার হয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৫৫ ঘ.
bdnews24