২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ স্থগিতের দাবি ইসলামী ঐক্যজোটেরও

নির্বাচন কমিশনের সঙ্গে তৃতীয় দফা সংলাপে নিবন্ধন ও সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখার দাবি জানিয়েছে ইসলামী ঐক্য জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 11:30 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে তৃতীয় দফা সংলাপে নিবন্ধন ও সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখার দাবি জানিয়েছে ইসলামী ঐক্য জোট। এর আগে একইদিন চারদলীয় জোটের অপর শরিকদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীও একই দাবি জানায়। ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার দুপুরে ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহীউদ্দিন খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়। বৈঠক শেষে ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী সাংবাদিকদের বলেন, "আমরা জরুরি অবস্থা প্রত্যাহার, সর্বাগ্রে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছি। নিবন্ধন আইন ও সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের কাজ স্থগিত রাখার আহ্বানও জানিয়েছি আমরা।" সংলাপে ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি দলে আরও ছিলেন, আবদুর রকীব, শেখ মুজিবুর রহমান, আবদুল্লাহ মোহাম্মদ হাসান, জসিম উদ্দিন, মো. তৈয়ব্য হোসাইন, আবুল কাসেম, মো. ফয়েজুল্লাহ, আহলুল্লাহ মো. ওয়াসেল। ইসির পক্ষে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির। গত ৬ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ শুরু করে ইসি। এ দফায় ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় কমিশন। গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। চলতি বছরের ফেব্র"য়ারিতে হয় দ্বিতীয় দফা সংলাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/১৭৩১ ঘ.