ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
তবে সময়ের স্বল্পতার বিষয়টি বিবেচনায় রেখে নিবন্ধন প্রক্রিয়ার দুএকটি ক্ষেত্রে বিকল্প ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রোববার কমিশনের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।
শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ শেষ করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরপরই সিইসিসহ নির্বাচন কমিশনাররা প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে কমিশন সচিবালয় ত্যাগ করেন।
বিএনপিসহ চার দলীয় জোটের শরিকদের সঙ্গে সংলাপ 'সফল ও ভালো' হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, "নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত হতে হবে। সোমবার সংসদ, উপজেলা ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।"
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হয়েছে। সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা পরবর্তী করণীয় ঠিক করব।"
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24