২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ারের নেতৃত্বে শনিবার সংলাপে বসছে বিএনপি

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্য ১০ সদস্যের প্রতিনিধি দলের নাম ঘোষণা করেছে বিএনপি। শনিবার মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির এই প্রতিনিধি দল সংলাপে বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 06:12 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের জন্য ১০ সদস্যের প্রতিনিধি দলের নাম ঘোষণা করেছে বিএনপি। শনিবার মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির এই প্রতিনিধি দল সংলাপে বসবে। শুক্রবার রাতে এ সংক্রান্ত বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "সংলাপে বিএনপির পক্ষ থেকে সবার আগে সংসদ নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহার, অঙ্গ সংগঠন বিলুপ্তি সংক্রান্ত নির্বাচনী আইন বাতিল ও রাজনৈতিক দল নিবন্ধীকরণ বিধিমালা সংশোধনসহ বিভিন্ন দাবিতে আলোচনা করা হবে।" প্রতিনিধি দলে আরো রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুবর রহমান, দলের সহসভাপতি এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাাম খান, সাবেক সাংসদ এম এ মান্নান ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় এ বৈঠক হয়। তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এ বৈঠকে এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, আব্দুল মান্নান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার কথা থাকলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি তাতে অংশ নেয়নি। একই পথ ধরে চারদলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্য জোটও সংলাপে না যাওয়ার কথা কমিশনকে জানিয়ে দেয়। এরপর ওইদিনই বিএনপিকে আবার সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষণা দেন, তার দল সংলাপ ও নির্বাচনে অংশ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/এমএইচবি/০০০৭ ঘ.