২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীর বসার ব্যাপারে আশাবাদী ব্যারিস্টার রফিক

খালেদা জিয়া ও শেখ হাসিনার আলোচনার বসার ব্যাপারে আশাবাদী তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। ঈদের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে দুই নেত্রীর মধ্যে এ আলোচনা হতে পারে বলে আশা করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও শেখ হাসিনার আলোচনার বসার ব্যাপারে আশাবাদী তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। ঈদের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে দুই নেত্রীর মধ্যে এ আলোচনা হতে পারে বলে আশা করছেন তিনি। সিঙ্গাপুরে সাত দিনের ব্যক্তিগত সফর শেষে শুক্রবার দেশে ফিরে রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দুই নেত্রী একসঙ্গে আলোচনায় বসবেন- জনগণের এ দাবি খুবই শক্তিশালী। জনমত শক্তিশালী হলে তারা কি তা উপেক্ষা করতে পারেন?" প্রবীন এ আইনজীবী বলেন, "খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে শেখ হাসিনা আমাকে না বলেননি। তিনি বলেছেন, দেশে ফেরার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত আমাকে জানাবেন। এদিকে খালেদা জিয়াতো তার আগ্রহের কথা জানিয়েই দিয়েছেন।" তিনি বলেন, "এই আলোচনা যত দ্রুত হয়, ততোই ভালো।" রফিক উল হক গত বুধবার সকালে সিঙ্গাপুর থেকে টেলিফোনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। খালেদা-হাসিনাকে এক টেবিলে বসাতে সরকার গত রোববার ব্যারিস্টার রফিক উল হকের শরণাপন্ন হয়। কী কী ইস্যু নিয়ে তাদের আলোচনায় বসানো যায় সে বিষয়েও তার পরামর্শ চাওয়া হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সঙ্কট নিরসনে দেশের প্রতিদ্বন্দ্বী দুই শীর্ষ রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেয়া হবে। ১১ সেপ্টেম্বর রাতে কারামুক্ত খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় বৈঠক করেন হোসেন জিল্লুর রহমানসহ সরকারের চার উপদেষ্টা। বৈঠক শেষে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে হোসেন জিল্লুর বলেন, "এ বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। তার মনোভাব ইতিবাচক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমএইচবি/২২১২ ঘ.