২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বদলীয় বৈঠকের নামে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলা হচ্ছে: আ. লীগ

সরকার 'সর্বদলীয় বৈঠকের' নামে জাতীয় নির্বাচনকে নতুন করে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার 'সর্বদলীয় বৈঠকের' নামে জাতীয় নির্বাচনকে নতুন করে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে 'ঢাকাস্থ কোটালীপাড়াবাসী'র উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে দলটির নেতারা এ অভিযোগ তোলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেন, "নির্বাচনের এক মাস আগে সর্বদলীয় বৈঠক নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ডিসেম্বরে সংসদ নির্বাচন না হলে দেশে কঠিন রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হবে, তখন আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না।" অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "পতিত শক্তির প্রতি তত্ত্বাবধায়ক সরকারের আন্তরিকতা দেখা যাচ্ছে। তাদের পূনর্বাসনের চেষ্টা চলছে।" সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা বিগত দিনে অনেক পরিকল্পনা নিয়েছেন। তার সবই ভেস্তে গেছে। আমরা নতুন কোনো পরিকল্পনা দেখতে চাই না। আল্লাহর ওয়াস্তে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে পরিত্রাণ দিন। নির্বাচনের বাইরে অন্য কোনো দায়িত্ব আপনাদের নেই।" তোফায়েল আহমদ বলেন, নির্বাচনের পাশাপাশি আওয়ামী লীগ আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছে। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন না হলে কঠিন আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করা হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী অভিযোগ করেন, জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে 'হালাল' করতেই সরকার 'পলিটিক্যাল সামিটের' কথা বলছে। শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে 'ঢাকাস্থ কোটালীপাড়াবাসী' এ আলোচনা সভার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১১০ ঘ.