২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সংলাপের আমন্ত্রণ না পাওয়ায় বিজেপির ক্ষোভ

ইসির সংলাপে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চারদলীয় জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। অষ্টম সংসদে বিজেপির চার জন নির্বাচিত সদস্য ছিল জানিয়ে দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসির সংলাপে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চারদলীয় জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। অষ্টম সংসদে বিজেপির চার জন নির্বাচিত সদস্য ছিল জানিয়ে দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভের কথা জানান। তিনি বলেন, "রহস্যজনক কারণে নির্বাচন কমিশন আমাদের সংলাপে ডাকেনি। এটা চার দলের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রের পূর্বাভাস কিনা, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।" শনিবার চারদলীয় জোটের অপর তিন শরিক বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে তৃতীয় দফা সংলাপে বসছে নির্বাচন কমিশন। আন্দালিব রহমান পার্থ বলেন, "ইসি এমন অনেক দলের সঙ্গে সংলাপ করেছে, যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নয়, সংসদেও প্রতিনিধিত্ব ছিল না। কল্যাণ পার্টির মতো দলকে সংলাপে ডাকা হয়েছে; অথচ গত সংসদে চারটি আসন থাকার পরও আমাদের ডাকা হয়নি।" ব্যারিস্টার পার্থ বলেন, "বিজেপির সঙ্গে ইসির আচরণ নীতিবহির্ভূত; এটা নিন্দনীয়। কমিশন এ ধরনের আচরণ অব্যাহত রাখলে জনগণের আস্থা হারাবে।" ইসির আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি চারদলীয় জোটের সভায় আলোচনা হয়েছে জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, "বিজেপিকে সংলাপে আমন্ত্রণ জানাতে গত ১৬ সেপ্টেম্বরে চারদলীয় জোটের বৈঠক থেকে ইসির প্রতি দাবিও জানানো হয়।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মহাসচিব শামীম আল মামুন, সভাপতিমণ্ডলীর সদস্য তৈয়বুর রহমান, রেবা রহমান, এমএম আমিন উদ্দিন, শহীদুল ইসলাম খান প্রমুখ। এইচএম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি ভেঙে ২০০১ সালের ৫ আগস্ট বিজেপি গঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন নাজিউর রহমান মঞ্জুর। তিনি মারা গেলে তার স্থলাভিষিক্ত হন ছেলে আন্দালিব রহমান পার্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএইচবি/২০২৭ ঘ.