২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবিরোধী অভিযানে প্রকৃত রাজনীতিকদের কালিমা দেয়া হয়েছে: আশরাফুল

দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে প্রকৃত রাজনীতিবিদদের ওপর কালিমা লেপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে প্রকৃত রাজনীতিবিদদের ওপর কালিমা লেপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, "সরকারের দুর্নীতি বিরোধী অভিযান এখন প্রশ্নের মুখে। বিগত জোট সরকারের দুর্নীতিবাজ নেতা-কর্মীরা সাজাপ্রাপ্ত হয়েও পার পেয়ে যাচ্ছে। সরকারের এই দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে প্রকৃত রাজনীতিবিদদের ওপর কলঙ্ক লেপন করা হয়েছে। প্রকৃত দুর্নীতিবাজদের রেহাই দেওয়া হয়েছে।" জাতির উদ্দেশ্যে, জাতিসংঘ ও কমনওয়েলথ সম্মেলনে দেয়া ভাষণে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টার অঙ্গীকারের কথা মনে করিয়ে দিয়ে আশরাফুল বলেন, 'ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে জনগণ তা মেনে নেবে না।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগও উপজেলা নির্বাচন চায়। তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়।" কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদী। পরে সৈয়দ আশরাফুল নেতা কর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২০১৭ ঘ.