২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নেতাকর্মীদের ঐক্যের ডাক দিয়েছেন খালেদা

জামিনে সদ্য মুক্তিপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে সদ্য মুক্তিপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর এলাকার নেতা-কর্মী, ও ওলামা দলসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও সাবেক সাংসদ দেখা করতে এলে খালেদা জিয়া এ আহবান জানিয়েছেন বলে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের জানান। সাংবাদিক শফিক রেহমানের ইস্কাটন গার্ডেনের বাড়িতে খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের এ সাক্ষাৎ দেন। বিএনপি সমর্থক হিসেবে পরিচিত এ সাংবাদিকের ওই বাসায়ই গত মঙ্গলবার চারদলীয় জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করা নেতাদের মধ্যে ছিলেন সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, সাবেক মন্ত্রী রাজিয়া ফয়েজ, সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক দলীয় সাংসদ রহিমউদ্দিন ভরসা প্রমুখ। সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর নেতা-কর্মীরা দেখা করে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া ওলামা দলের হাফেজ আবদুল মালেক ও মাওলানা শাহ নেসারুল হকের নেতৃত্বে অঙ্গদলটির নেতা-কর্মীরা দলনেত্রীর সঙ্গে দেখা করেন। এ সময়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর শাহ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন,'' কারামুক্ত নেত্রীর সঙ্গে এটি আমার প্রথম সাক্ষাৎ। আমি শুভেচ্ছা জানাতে এসেছি। একই সঙ্গে নেত্রীকে জাতীয়তাবাদী শিবিরকে শক্তিশালী করতে জোটের কলেবর আরও বাড়াতে পরামর্শ দিয়েছি।" সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং সাবেক সাংসদ সারওয়ার জামাল নিজামও খালেদা জিয়ার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন। ইফতার শেষে খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টের বাসায় চলে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৪১ঘ.