ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে দায়ের করা আলাদা দুটি মামলায় বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও কুমিল্লা পৌরসভার মেয়র মো. মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি জানান, জিয়াউল হক জিয়া, লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, রামগঞ্জের সাবেক পিআইও পরিতোষ বাড়ৈ ও ব্যবসায়ী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে ৩২০ মেট্রিক টন সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে।
কুমিল্লা পৌরসভার মেয়র মো. মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ ৮৪ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন এবং এর তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সাংসদ একেএম ফজলুল হক মিলন এবং সাবেক সাংসদ রেদোয়ান আহমেদের ছেলে সুলতান মঈন আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও এর তথ্য গোপনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/১৯২৬ ঘ.
bdnews24