২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'নেত্রীকে আলোচনায় বসাতে চাপ প্রয়োগের অবকাশ নেই: জিল্লুর

শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুুর রহমান মঙ্গলবার বলেছেন, খালেদা জিয়া ও শেখ হাসিনাকে আলোচনার টেবিলে বসাতে কোন চাপ প্রয়োগ করবে না সরকার। দুই নেত্রীর আলোচনা প্রসঙ্গে সোমবার চট্টগ্রামে দেওয়া তার বক্তব্য গণমাধ্যমে ঠিকভাবে আসেনি উল্লেখ করে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুুর রহমান মঙ্গলবার বলেছেন, খালেদা জিয়া ও শেখ হাসিনাকে আলোচনার টেবিলে বসাতে কোন চাপ প্রয়োগ করবে না সরকার। দুই নেত্রীর আলোচনা প্রসঙ্গে সোমবার চট্টগ্রামে দেওয়া তার বক্তব্য গণমাধ্যমে ঠিকভাবে আসেনি উল্লেখ করে তিনি এ কথা বলেন। হোসেন জিল্লুর জানান, দুই নেত্রীকে আলোচনার জন্য এক টেবিলে বসাতে চাপ দেওয়া হবে- এমন কোন কথা তিনি বলেননি। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ অফিসের সামনে সাংবাদিকদের তিনি বলেন "দুই নেত্রীকে একই টেবিলে বসানোর উদ্যোগ হচ্ছে সমাধানমুখী নানা উদ্যোগেরই একটি অংশ। এ উদ্যোগের একটি প্রতীকী গুরুত্ব রয়েছে। আমাদের পক্ষ থেকে চাপ প্রয়োগের কোন অবকাশ নেই, চাপ সৃষ্টির কোন প্রশ্নও নেই।" গণমাধ্যমকে সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, "আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকি। এসব বক্তব্যের মূল কথা যথাযথভাবে গণমাধ্যমে আসে না। চট্টগ্রামে আমি কি বলেছি, তা আমার জানা আছে।" সরকারের কাজের ধরনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "সাধারণ মানুষ ও রাজনৈতিক দল প্রত্যেকেই তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরবেন। তারা নিজেদের মত দেবেন। তারপর আমরা উদ্যোগ নেবো। এ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে কোন লাভ নেই। আমরা সমস্যা সমাধানের কথা ভেবে কাজ করে যাচ্ছি। আমরা জন-আকাক্সক্ষা পূরণে ও একটি গুণগত উত্তরণের জন্য কাজ করছি।" 'প্রধান দুই রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র নেই, এক্ষেত্রে ওই দুই দলের নেত্রীর সঙ্গে বৈঠকে বসে কি কোন লাভ হবে'- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমরা এত দ্রুত কেন সিদ্ধান্ত নিয়ে নেই। দেশে এখন কিছুটা পরিবর্তন এসেছে, একটি নতুন 'মুড' তৈরি হয়েছে। দেখি না তারা কীভাবে কী করেন।" অচিরেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "উনি আগে দেশে ফিরুক।" প্রধান উপদেষ্টা বর্তমানে চীন সফরে রয়েছেন। শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। তারেক রহমানের রাজনীতি থেকে 'অবসর' গ্রহণকে কিভাবে দেখেন- এমন এক প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "এসব নিয়ে আমাদের মূল্যায়ন করার কিছুই নেই। এসব মূল্যায়নের জন্য অনেক বিশ্লেষক রয়েছেন। আমরা কাজ করতে এসেছি, কাজ করে যাবো।" হোসেন জিল্লুর পরে বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/১৮৩০ ঘ.