ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এবং মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
আলাদা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ সোমবার ওই জামিনের আদেশ দেন।
চার জনকেই তিন মাসের জামিন দেওয়া হয়েছে। তাদের মামলার কার্যক্রমও একই সময় পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট।
জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এ মামলাগুলো দায়ের করে।
এছাড়া চার জনের বিরুদ্ধে এসব মামলা দায়ের ও কার্যক্রম পরিচালনাকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
শেখ সেলিমের পক্ষে রিটটির ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মির্জা আব্বাস, তার স্ত্রী ও বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
সাবেক মন্ত্রী শেখ সেলিমের বিরুদ্ধে গত ২৩ এপ্রিল রমনা থানায় মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন। তাকে গত বছরের ২৯ মে গ্রেপ্তার করা হয়।
সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ওই বছরের ২৫ ফেব্র"য়ারি এবং সাবেক প্রতিমন্ত্রী বাবর ২৮ মে গ্রেপ্তার হন।
এদিকে, ঢাকার সাবেক বিএনপি সাংসদ নসিরউদ্দিন পিন্টু, মোসাদ্দেক আলী ফালু ও সালাউদ্দিন আহমদের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি জয়নাল আবেদীন হাইকোর্টের আদেশ স্থগিতে সরকার ও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
তবে চেম্বার বিচারপতি পিন্টু, সালাউদ্দিন আহমদ ও ব্যবসায়ী নূর আলীর বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।
এসব মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা আবেদনের ওপর আগামী ১৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির তারিখও ধার্য করেছেন তিনি।
অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি মামলায় ফালু, ত্রাণের ঢেউটিন আত্মসাতের দুটি করে মামলায় পিন্টু ও সালাউদ্দিনের পক্ষে আদেশ দিয়েছিল হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭৩২ ঘ.
bdnews24