ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতে সরকারের আবেদন প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট।
এদিকে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিন আবেদনের শুনানি হাইকোর্ট একদিনের জন্য মুলতবি করেছে।
নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি জয়নুল আবেদীন সোমবার সরকারের আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি সরকারের দায়ের করা ওই আবেদনের শুনানির দিন আগামী ১৩ অক্টোবর ধার্য করেছেন। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই শুনানি হবে।
গত ২৭ আগস্ট হাইকোর্ট শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সরকারের আবেদনের ওপর সোমবার আপিল বিভাগে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনার পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ।
আদালতের আদেশের পর ব্যারিস্টার শফিক সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের এ ধরনের আদেশের বিরুদ্ধে সরকারের আপিল করা দেখে মনে হচ্ছে, শেখ হাসিনার ব্যাপারে সরকার খুব আন্তরিক নয়। কোনও মামলায় শেখ হাসিনার পক্ষে কোনও আদেশ হলেই সরকার আপিল করতে চলে যাচ্ছে।"
এক টেবিলে বসে আলোচনার আগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা 'রাজনৈতিক হয়রানিমূলক' সব মামলা সরকারের তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিন আবেদনের শুনানি একদিনের জন্য মুলতবি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিবের সময়ের আবেদন করলে আদালত ওই সিদ্ধান্ত জানায়।
এ মামলায় জামিন এবং মামলার কার্যক্রম স্থগিতের আদেশ চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করেন হাসিনা। এতে মামলা দায়ের ও কার্যক্রম পরিচালনার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
গত ২৮ আগস্ট হাইকোর্টের অপর একটি বেঞ্চ আজম চৌধুরীর মামলার কার্যক্রমের বৈধতার প্রশ্নে রুল জারি করে। এরও আগে হাইকোর্ট গত ১৭ জানুয়ারি শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির বিচার কার্যক্রম স্থগিত করেছিল। তবে গত ২৪ জানুয়ারি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে আপিল বিভাগ। তারপর নিম্ন আদালতে এ মামলার বিচার কাজ আবার শুরু হয়।
গত বছর ১৩ জুন ব্যবসায়ী আজম চৌধুরী প্রায় ৩ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
গত বছর ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিমের পাশাপাশি হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমআই/১২৩৬ ঘ.
bdnews24