নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।
সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা রোববার নিউ ইয়র্কে এক ইফতার অনুষ্ঠানে একথা বলেন। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন শিহাবউদ্দীন কিসলু।
হাসিনা বলেন,"নির্বাচন এবং কেবলমাত্র নির্বাচনই দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।"
যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।
বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের সর্বশেষ পরিস্থিতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "অতীতের চারদলীয় জোট সরকারের সময়ের মতই বর্তমান সরকারের প্রতিও জণগন আস্থা হারিয়ে ফেলেছে।"
সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, "সত্য কথা বলাই আমার অপরাধ হয়েছে। তবু আমি সত্য কথাই বলব। জণগনের কথা বলব।"
তিনি বলেন, "যতবারই জনগনের জন্য আন্দোলন করেছি ততবারই দমন নিপীড়ন নেমে এসেছে। আমি মৃত্যুকে ভয় পাইনা। সত্য কথা বলে যাব, জনগণের কথা বলে যাব।"
আওয়ামী লীগ সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, "আবার জনগণকে সুযোগ দিলে ২০২১ সালে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি উন্নত জাতি হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে।"
বারবার সেনাশাসন জনগনের ভাগ্যকে বিড়ম্বিত করেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
সেনা শাসন দেশের স্থানীয় সরকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ ক্ষতিগ্রস্ত করেছে মন্তব্য করে তিনি বলেন, "সেনাশাসন এলেই ক্ষমতার কেন্দ্রীকরণ করা হয়। '৭৫ এর ১৫ই আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রীকরণ শুরু হয়েছে।"
হাসিনা তার মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলায় সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১২২৩ ঘ.
bdnews24