রাজশাহী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রোববার দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার বিকেলে রাজশাহীর নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদুর কাছে থেকে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ সময় রাজশাহী বিভাগের কমিশনার হাফিজুর রহমান ভুঞাঁর উপস্থিত ছিলেন।
দায়িত্ব নেওয়ার পর লিটন বলেন, "রাজশাহীর মানুষ সৎ, নিষ্ঠাবান ও যোগ্য মনে করে যে স্বপ্ন নিয়ে আমাদের ভোট দিয়েছে, সে স্বপ্ন পূরণের মাধ্যমে আমরা তাদের সেবা করতে চাই।"
দল মত নির্বিশেষে কাজ করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাউন্সিলরদের প্রতিও আহবান জানান তিনি।
লিটন বলেন, "মেয়রের কাজ সাধারণ মানুষের সঙ্গে সরকারের সেতুবন্ধন সৃষ্টি করা। সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, মেয়র ও কাউন্সিলরদের সেবার মানসিকতা তৈরি করতে হবে। তবেই সাধারণ মানুষের আস্থা অর্জন করা সম্ভব।"
আগামী এক বছরের মধ্যে রাজশাহীতে ২/৩টি পোশাক কারখানা স্থাপনের আশ্বাস দেন তিনি।
রাজশাহীর উন্নয়নে সব স্তরের মানুষের সহযোগিতায় পঞ্চাশ বছর মেয়াদী একটি 'মহাপরিকল্পনা' তৈরি করবেন বলেও মেয়র জানান।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞাঁ বলেন, নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন।
নাগরিক কমিটির আহবায়ক ও ভাষা সৈনিক আবুল হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক মেয়র লিটনসহ সব কাউন্সিলরদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কোরবান আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু, নিজামুল আজিম, আকবর হোসেন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর বিলকিস বানু প্রমুখ।
গত ৪ আগস্ট খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৯ সেপ্টেম্বর শপথ নেওয়ার আগে তিনি দলীয় পদ ছাড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০২০ ঘ.
bdnews24