২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক শিষ্টাচার বজায় রাখার আহবান আমীর খসরুর

দেশ এবং জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে থেকে রাজনীতি করার আহবান জানিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 09:27 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দেশ এবং জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে থেকে রাজনীতি করার আহবান জানিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী । এক বছরেরও বেশী সময় পর দেশে ফেরাার পর রোববার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, " প্রথমেই আদালতে গিয়ে জামিন নিয়েছি।" রোববার ভোররাতে দেশে ফিরেছেন সাবেক এই মন্ত্রী। সাবেক মন্ত্রী বলেন, "মে মাসের দিকে বিদেশ চলে যাই। প্রথমেই সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছি।" সিঙ্গাপুর থেকে অন্যান্য কয়েকটি দেশে যান তিনি। সাবেক মন্ত্রী বলেন, "গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে থেকে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে হবে। এতে দ্রুত গণতন্ত্রে উত্তরণ ঘটবে।" তিনি বলেন,"সব রাজনৈতিক দলকেই শিষ্টাচার বজায় রেখে কাজ করতে হবে। এটা কোন একটি রাজনৈতিক দলের দায়িত্ব নয়। সবাই মিলে একাজগুলো করলে জাতি দ্রুত এর সুফল ভোগ করতে পারবে।" এদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুটি মামলায় তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এসময় তার বিরুদ্ধে মামলা দুটির কার্যক্রমও স্থগিত করা হয়েছে। রোববার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ আমীর খসরুর দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। হাইকোর্টে হাজির হয়ে আমীর খসরু গ্যাটকো দুর্নীতি মামলা ও সরকারের ১৮টি বাড়ি বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট দায়ের করেন। তার পক্ষে রিট দুটির শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দীন আহমাদ। সরকার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ আফছার জাহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এটি/জিএনএ/১৫১৯ ঘ.