২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার কানের স্থায়ী ক্ষতি হয়েছে: জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম কানের স্থায়ী ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার রাতে ওয়াশিংটন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জয় বলেন, "মা'র শারীরিক অবস্থা এখন কিছুটা ভাল। তবে তার বাম কানের অবস্থার আর উন্নতি হবে না। চিকিৎসকরা বলেছেন, মা'কে সারা জীবন হিয়ারিং এইড ব্যবহার করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 06:17 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম কানের স্থায়ী ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার রাতে ওয়াশিংটন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জয় বলেন, "মা'র শারীরিক অবস্থা এখন কিছুটা ভাল। তবে তার বাম কানের অবস্থার আর উন্নতি হবে না। চিকিৎসকরা বলেছেন, মা'কে সারা জীবন হিয়ারিং এইড ব্যবহার করতে হবে।" ২০০৫ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় শেখ হাসিনার শ্রবণযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য তিনি পরে যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসাও নেন। সেখানকার চিকিৎসকরা তার বাম কানে 'হিয়ারিং এইড' লাগিয়ে দেন। হাসিনার ডান কানেও সমস্যা রয়েছে। জয় জানান, শেখ হাসিনার চোখের সমস্যাও কাটেনি। বিশেষ কারাগারে থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রীর চোখের চাপ (আই প্রেসার) বেড়ে গিয়েছিল। এখন তা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ছোটখাট আরো কিছু সমস্যার কারণে অস্ত্রপচার করা যাচ্ছে না। শেখ হাসিনা কবে দেশে ফিরছেন জানতে চাইলে জয় বলেন, "আগামী সপ্তাহে চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট আছে। তারপরই বলা যাবে মা কবে দেশে ফিরবেন। তবে, তিনি শিগগিরই দেশে ফিরতে চান।" সরকারের বিশেষ আদেশে মুক্ত শেখ হাসিনা চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। গত বছরের ১৬ই জুলাই গ্রেপ্তারের পর এ বছরের ১১ই জুন হাসিনাকে চিকিৎসার জন্য আট সপ্তাহের জন্য মুক্তি দেয়া হয়। পরে তার মুক্তির মেয়াদ আগামী ৬ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/০০১০ ঘ.