ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই বছর পর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা শুরু হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ বৈঠক চলছে।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কার্যালয়ের দোতলায় চেয়ারপারসনের কক্ষে বৈঠক শুরু হয়েছে। ম্যাডাম সভাপতিত্ব করছেন।"
সদ্য কারামুক্ত খালেদা জিয়া সোয়া ৪টার দিকে দলীয় কার্যালয়ে আসেন।
খালেদার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হবে খবর পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতা-কর্মী সমবেত হয়। নেতা-কর্মীদের ডিঙিয়ে খালেদা জিয়াসহ স্থায়ী কমিটির সদস্যদের কার্যালয়ে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়।
শনিবারের এ বৈঠকে স্থায়ী কমিটির ১১ সদস্যের মধ্যে উপস্থিত আছেন এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন (মহাসচিব), ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম।
কমিটির সদস্যদের মধ্যে আবদুল মতিন চৌধুরী অসুস্থতার জন্য বৈঠকে যোগ দিতে পারেননি। অন্য দুই জন খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ কারাগারে রয়েছেন।
গত ১১ বছর ধরে স্থায়ী কমিটির প্রতিটি বৈঠকে আবদুল মান্নান ভূঁইয়া অংশ নিলেও দল থেকে বহিস্কৃত হওয়ার কারণে এবার তিনি এ বৈঠকে অংশ নিতে পারছেন না।
গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে তাকে বহিষ্কার করেন।
এর আগে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির আগে জানুয়ারি মাসে বনানীতে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক হয় ।
পরে একই বছরের ২৯ অক্টোবর সাইফুর রহমানের গুলশানের বাসা 'জালালাবাদ হাউজ'-এ স্থায়ী কমিটির এক বিতর্কিত বৈঠকে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৬৫৩ ঘ.
bdnews24