ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চার উপদেষ্টা শুক্রবার রাতে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন। বৈঠক শেষ করে উপদেষ্টারা ১১টা ৪০ মিনিটে খালেদার শহীদ মইনুল সড়কের বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফ করতে ওল্ড ডিওএইচএস কমিউনিটি সেন্টারের উদ্দেশে রওনা হন।
খালেদার সঙ্গে বৈঠকে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।
তারা শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর বাসায় পৌঁছান।
হোসেন জিল্লুর রহমান রাত ৯টা ২০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা খালেদা জিয়ার বাসার উদ্দেশে রওনা হয়েছি।"
বাণিজ্য উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওল্ড ডিওএইচএস কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করা হবে।
এর আগে গত ১১ জুন সাময়িক কারামুক্ত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেছিলেন সংলাপের দায়িত্বপ্রাপ্ত সরকারের এই চার উপদেষ্টা। ধানমন্ডির সুধা সদনে শেখ হাসিনার বাসায় ওই বৈঠকের পর আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংলাপে যোগ দিতে সম্মত হয়।
চারটি দুর্নীতি মামলার আসামি, সাবেক প্রধানমন্ত্রী খালোদা জিয়াকে গত বৃহস্পতিবার জামিনে মুক্তি দেয়া হয়। মুক্তির পর পল্টনে বিএনপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "বিএনপি সংলাপ করতে চায়, নির্বাচনেও যেতে চায়। সে জন্য সরকারকে বলব, নির্বাচনের অনকূল পরিবেশ তৈরি করুন। সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) রাখার ব্যবস্থা করুন।"
বৃহস্পতিবার রাতেই খালেদার বড় ছেলে ও বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান চিকিৎসার জন্য লণ্ডন রওনা হন। যাওয়ার আগে তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে যান।
এ ব্যাপারে খালেদা সাংবাদিকদের বলেন, "আমার ছেলের (তারেক রহমান) চিকিৎসার জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে। সুস্থ না হওয়া পর্যন্ত সে রাজনীতি থেকে দূরে থাকবে; রাজনীতি করবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এডি/জেকে/এমএইচবি/২৩৫৪ ঘ.
bdnews24