ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান শুক্রবার দুপুরে লন্ডন পৌঁছেছেন।
তারেকের আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি কমরুদ্দীনের উদ্ধৃতি দিয়ে ব্যারিস্টার অসীম বলেন, "তারেক সাহেব বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছেছেন। তিনি সেখানে ভাড়া করা একটি বাসায় উঠেছেন। লন্ডনে 'হেমার স্মিথ' ও 'কিংস ওক'- এ দুইটি হাসপাতালের যেকোনো একটিতে তার চিকিৎসা চলবে।"
তারেক রহমান বৃহস্পতিবার রাতে লন্ডনের উদ্দেশে এমিরাটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছাড়েন। তার সঙ্গে গেছেন স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, জোবাইদার বড় বোন শাহিনা আক্তার খান বিন্দু, বিন্দুর স্বামী শফিউজ্জামান ও তারেকের চিকিৎসক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24