২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনাকে এক টেবিলে বসাতে চায় সরকার

সঙ্কট নিরসনে দেশের প্রতিদ্বন্দ্বী দুই শীর্ষ রাজনৈতিক নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের তার সঙ্গে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্কট নিরসনে দেশের প্রতিদ্বন্দ্বী দুই শীর্ষ রাজনৈতিক নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের তার সঙ্গে ছিলেন। এর আগে যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফসহ তিন উপদেষ্টার সংক্ষিপ্ত একটি বৈঠক হয়। ব্রিফিংয়ে হোসেন জিল্লুর বলেন, "রাজনৈতিক সঙ্কট নিরসনে এবং রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে দেশের দুই শীর্ষ নেত্রীকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেয়া হবে। আমরা আশা করব, তারা এতে শুধু আগ্রহীই নন, উদ্যোগীও হবেন।" উপদেষ্টা বলেন, "বাংলাদেশের জন্য এ দুই নেত্রীর অনেক অবদান রয়েছে। আমরা আশা করবো, ভবিষ্যতেও তারা নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে যাবেন।" খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, "আমরা যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় জাতিকে এগিয়ে নিতে চাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে আমরা তার একটি অধ্যায় অতিক্রম করেছি। আমাদের সমাধানমুখী চিন্তায় বেগম জিয়ার মুুক্তির মাধ্যমে একটি ধাপ অতিক্রম হলো। এর মাধ্যমে সবার অংশগ্রহণও নিশ্চিত হলো।" বিএনপি ও খালেদা জিয়ার সঙ্গে সরকারের সমঝোতার যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে প্রশ্ন করা হলে হোসেন জিল্লুর বলেন, "অনেকে সমঝোতার বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন। কিন্তু সবার সম্পৃক্ততার বিষয়টি অত্যন্ত যৌক্তিক। সবার অংশগ্রহণের উদ্যোগ মানেই সমঝোতা।" তিনি বলেন, "এ মুহূর্তে জাতি তিনটি বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে। সবার অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন, রাজনীতির গুণগত উত্তরণ এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন।" রাজনৈতিক দলগুলোর কাউন্সিলের প্রয়োজনে জরুরি অবস্থার কিছু ধারা শিথিল করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, "নির্বাচনী আইনের প্রয়োজনে, নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে রাজনৈতিক দলগুলোকে কাউন্সিল করতে হবে। কাউন্সিলের প্রয়োজনে জরুরি অবস্থার কোনো ধারা শিথিলের প্রয়োজন হলে সরকার তা করবে।" রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো ধরনের প্রতিশ্র"তি নেয়া হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর রহমান বলেন, "প্রতিশ্র"তি নয়, আমরা আস্থার পরিবেশ চাই। জাতির আশা পূরণে আমরা সবাই যেন একসঙ্গে কাজ করতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/জেকে/জিএনএ/১৪৫৪ ঘ.