ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনের কাগজপত্র পাওয়া মাত্রই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।
গ্যাটকো ও নাইকো মামলায় খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেনি বলেও জানান তিনি।
এমএ মতিন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "তার (খালেদা) জামিন আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেনি। বেইল বন্ড (জামিনের কাগজপত্র) পৌঁছামাত্রই তাকে মুক্তি দেওয়া হবে।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্যাটকো ও নাইকো মামলায় মঙ্গলবার তিন মাসের জামিন দেয় হাইকোর্ট। বড় পুকুরিয়া খনি দুর্নীতি এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি আগেই জামিন পান।
সব মামলায় জামিন পাওয়ায় খালেদা জিয়ার মুক্তিতে আর বাধা থাকছে না বলে তার আইনজীবীরা সোমবার দাবি করেন।
হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন।
এ বিষয়টি তোলা হলে এমএ মতিন বলেন, "খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করেছে। তবে বিষয়টি দেখা হচ্ছে।"
এদিকে নিবন্ধনের শর্ত পূরণে কাউন্সিল করার ক্ষেত্রে জরুরি অবস্থা বাধা হিসেবে কাজ করছে বলে রাজনৈতিক দলগুলো ইসির সংলাপে যে অভিযোগ করেছে, সে বিষয়ে মত জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ বিষয়ে সরকার ভেবে সিদ্ধান্ত নেবে।"
একই বিষয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক উত্তরণে যা যা করা দরকার সরকার তার সবই করবে।
বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "কোনও দল যদি কাউন্সিল করতে চায়, তাহলে অবশ্যই সে সুযোগ দেওয়া হবে। সরকারের কাছে আবেদন করলেই অনুমতি দেওয়া হবে।"
জরুরি অবস্থার মধ্যে হাজার হাজার লোক নিয়ে কাউন্সিল সম্ভব বলে মনে করেন কি না- জানতে চাওয়া হলে হোসেন জিল্লুর বলেন, "জরুরি অবস্থা জারি রয়েছে। তবে আমরা রাজনীতির গুণগত উত্তরণ চাই। আর এ জন্য যা যা করা দরকার, সরকার তার সবকিছুই করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪২ ঘ.
bdnews24