২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সঙ্গে সংলাপে বসেছে আ. লীগ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপের শেষ দিন মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ২টায় শুরু হওয়া এ সংলাপে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 08:32 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপের শেষ দিন মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ২টায় শুরু হওয়া এ সংলাপে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। প্রতিনিধি দলের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সংলাপ শুরুর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় নির্বাচনের আগে অন্য কোনও নির্বাচন না করার জন্য ইসির কাছে দাবি জানাব আমরা।" এছাড়া আওয়ামী লীগ আরও যে সব দাবি জানাবে তার মধ্যে রয়েছে- জরুরি অবস্থা তুলে নিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালার কয়েকটি শর্ত (বিদেশে দলের শাখা, অঙ্গসংগঠন না রাখা ইত্যাদি) শিথিল, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে থাকা 'না ভোট'র বিধান এবং সরকারি অনুদানভূক্ত (এমপিও) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করে যে বিধান রাখা হয়েছে প্রত্যাহার। এক প্রশ্নের জবাবে আমু বলেন, "জাতীয় নির্বাচনের আগে উপজেলা পরিষদ নির্বাচন ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানে ইসি ও সরকারের যে পরিকল্পনা রয়েছে তার সরাসরি বিরোধিতাও করবে আওয়ামী লীগ।" আওয়ামী লীগের প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার আওয়ামী লীগের আগে কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জিকু) ও ন্যাপের (মোজাফফর) সঙ্গে সংলাপ করে ইসি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির তৃতীয় দফা সংলাপ গত শনিবার শুরু হয়। প্রথম তিন দিনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (এরশাদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্প ধারা, জাসদ (ইনু), এলডিপি ও জাতীয় পার্টি (জেপি) সংলাপে অংশ নেয়। এবার সংলাপে ১৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় ইসি। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সংলাপে আসেনি। গত বছর সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা সংলাপ করে নির্বাচন কমিশন। এরপর দ্বিতীয় দফা সংলাপ হয় এ বছর ফেব্র"য়ারিতে। সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। এর আগে অক্টোবরে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। তবে আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ দল সংসদের আগে উপজেলা নির্বাচনের বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এমআই/১৪২৬ ঘ.