ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংগঠনের সভাপতি বরকতউল্লাহ বুলুকে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। একইসঙ্গে খালেদা জিয়া ও সংগঠনের সাবেক সভাপতি মির্জা আব্বাসের মুক্তিও দাবি করেছে বিএনপির এই যুব সংগঠন।
যুবদল সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে, সোমবার ঢাকায়, ১২ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ১৪ সেপ্টেম্বর জেলা শহরে সমাবেশ।
সংসদ ভবন এলাকায় ন্যাম ফ্ল্যাটে আলালের বাসায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন হয়।
যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে এক দল কর্মীর হাতে লাঞ্ছিত হন। তারেক রহমান ওইদিন ওই হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান। 'সংস্কারপন্থী' অভিযোগ করে দলীয় কর্মীরা সেদিন সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনসহ কয়েকজন বিএনপি নেতাকে লাঞ্ছিত করে।
বরকতউল্লাহ বুলুকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে আলাল বলেন, "একটি বিশেষ মহল পরিকল্পিভাবে এ ঘটনা ঘটিয়েছে।"
তিনি খালেদা জিয়া ও মির্জা আব্বাসকে অবিলম্বে মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান।
যুবদল সাধারণ সম্পাদক বলেন, "এসব দাবি সরকারকে আমরা বার বার জানানোর পরও তার বাস্তবায়ন দেখছি না। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহিবুল হাসান স্বপন, সহ-সভাপতি আবুল হোসেন খান, জসিমউদ্দিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা সাইফুল আলম নীরব, মীর নওয়াজ আলী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৩ ঘ.
bdnews24