ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক বা খণ্ডকালীন কর্মরত থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না- এই বিধান কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
রাজশাহীর পুঠিয়ার আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক ও সাবেক ওয়ার্ড কমিশনার আবদুস সামাদের দায়ের করা রিট আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।
প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, রাষ্ট্রপতির সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের শুনানিতে আইনজীবী তাজুল ইসলাম বলেন, "স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা) নির্বাচন সংক্রান্ত তিনটি অধ্যাদেশে সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক বা খণ্ডকালীন কর্মরত থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না বলে বিধান করা হয়েছে। অথচ একই সময়ে নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীর কথা বলা হচ্ছে। শিক্ষকরা সৎ ও যোগ্য। অধ্যাদেশ জারি করে তাদের প্রার্থিতা সুযোগ বন্ধ করা হলে সৎ ও যোগ্য প্রার্থী কিভাবে নিশ্চিত হবে ?"
অ্যাডভোকেট তাজুল ইসলাম আরও বলেন, "তত্ত্বাবধায়ক সরকার অতি জরুরি না হলে কোন অধ্যাদেশ জারি করতে পারে না। তাছাড়া সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার নীতিগত কোনও সিদ্ধান্তও নিতে পারে না। এসব কারণে সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক বা খণ্ডকালীন কর্মরত থাকলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না বলে অধ্যাদেশ জারি করে যে বিধান করা হয়েছে, তা বাতিলযোগ্য।"
শুনানিতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আফসার জাহান ইলা।
গত রোববার আবদুস সামাদ রিটটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬৪৮ ঘ.
bdnews24