২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাব্য প্রার্থীদের ঠিকানা স্থানান্তরের আবেদন বিবেচনা করবে ইসি

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) শুধু সম্ভাব্য প্রার্থীদের ঠিকানা উপজেলায় স্থানান্তরের আবেদন বিবেচনা করবে বলে জানিয়েছেন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) শুধু সম্ভাব্য প্রার্থীদের ঠিকানা উপজেলায় স্থানান্তরের আবেদন বিবেচনা করবে বলে জানিয়েছেন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। হুমায়ুন কবির বলেন, "উপজেলা নির্বাচনে প্রার্থীদের সংশ্লিষ্ট উপজেলায় ভোটার তালিকাভুক্তির বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে অনেক ভোটার প্রার্থী হবেন দাবি করে ঠিকানা স্থানান্তরের আবেদন জানাচ্ছে। এ বছর ভোটার স্থানান্তরের বিষয়ে সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও শুধু এসব আবেদন বিবেচনার জন্য কমিশনের সভায় উপস্থাপন করা হবে।" ইতোমধ্যে শতাধিক আবেদন জমা পড়েছে পড়েছে বলে তিনি জানান। গত ৩০ জুন প্রণীত স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ এর ১৬ (গ) ধারায় বলা হয়েছে - পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট উপজেলায় ভোটার তালিকাভুক্ত হতে হবে। এক প্রশ্নের জবাবে সচিব জানান, অধ্যাদেশ অনুযায়ী - সরকারি অনুদানপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মরতদের পদত্যাগ করে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে হবে। সচিব হুমায়ুন কবির জানান, ভোটার তালিকা চূড়ান্ত হতে অক্টোবর পর্যন্ত সময় লাগবে। এরপরই এসব বিষয় আসবে। নিশ্চয়ই যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন । গত জুলাই মাসে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধনের কাজ শেষ হয়েছে। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার আগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) তফসিল ঘোষণা করা হবে না বলেও জানান তিনি। অক্টোবরের শেষে উপজেলা পরিষদ নির্বাচন ছাড়াও ডিসিসি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশন সচিবালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্ধারিত সময়ে ভোটার হতে পারেনি এমন কিছু সম্ভাব্য প্রার্থী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন করে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। আবেদগুলো কমিশন সভায় উপস্থাপনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা কমিশন সসিবের প্রতি 'নোট' দিয়েছেন। ভোটার তালিকা বিধিমালা ২০০৮ এর ৩২ ধারায় বলা হয়েছে, বিভিন্ন নির্বাচিত সংস্থার নির্বাচনের সময়সূচি ঘোষণার তারিখ হতে নির্বাচন অনুষ্ঠানের সময় বাদ দিয়ে যে কোনো সময়ে ভোটার তালিকা সংশোধন করা যাবে বা তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। তবে নবম সংসদ নির্বাচনের আগে এ বিধি কার্যকর হবে না। কিন্তু ভোটার তালিকা অধ্যাদেশ, ২০০৭ এর ১৫ ধারা অনুযায়ী যে কোনো সময় ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্ত করা বা বিলোপ করার বিষয়ে কমিশনের ক্ষমতা রয়েছে। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধন ফরম সংগ্রহের ব্যাপারে কমিশন সচিব জানান, সোমবার পর্যন্ত ৩০টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ করেছে। আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রম ২৭ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। দলগুলো হলো- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা), বাংলাদেশ খেলাফত মজলিস, জাকের পার্টি, জাতীয় পার্টি, জনতার সংহতি, বাংলাদেশ এল এল বি, গণফোরাম, বাংলাদেশ তরিক ফেরারেশন, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি (এফএফসিডিপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), জাতীয় লীগ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, চেতনার বাঙালি, সামাজিক রাজনৈতিক আন্দোলন, পাকমন পিপলস পার্টি (পিপিপি), পাবলিক পার্টি, ফরওয়ার্ড পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ সচেতন নাগরিক মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও নির্দলীয় জন আন্দোলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এমএইচবি/২১২৩ ঘ.