২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১ সেপ্টেম্বর তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে সোমবার সকালে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১ সেপ্টেম্বর তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে সোমবার সকালে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতা। সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, ''ম্যাডাম মুক্তি পেলে বিএনপি সরকারের সঙ্গে সংলাপ ও নির্বাচনে অংশ নেবে।'' তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও অসুস্থ তারেক রহমানকে বিদেশে পাঠানোর দাবিও জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পট পরিবর্তনের ধারাবাহিকতায় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসা সেনাশাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়া এ দলের প্রথম চেয়ারম্যান। এর আগে সে বছরেরই ফেব্র"য়ারি মাসে তার পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। জাগদল বিলুপ্ত করে তা নবগঠিত জাতীয়তাবাদী দলে একীভূত করা হয়েছিল। জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ছিল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির তিনদিনের কেন্দ্রীয় প্রধান কর্মসূচির অন্যতম। সকাল ১১টার দিকে খোন্দকার দেলোয়ারের নেতৃত্বে কয়েকশ' নেতা-কর্মী কবরে ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় জিয়ার কবর প্রাঙ্গনসহ জিয়া উদ্যান ও ক্রিসেন্ট লেক সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এর আগে সকাল নটা ৫০ মিনিটে বিএনপি নেতা জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার হামিদ প্রয়াত নেতার কবরে ফুল দেন। পুষ্পস্তবক অর্পণ করা জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, এম শামসুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান, এম কে আনোয়ার, চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, সৈয়দ ওয়াহিদুল আলম, আ ন হ এহছানুল হক মিলন, সেলিম রেজা হাবিব, শাহ নুরুল কবির শাহিন, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, ফাহিমা হোসাইন জুবলি, রেহানা আখতার রানু প্রমুখ। এরপর পর্যায়ক্রমে যুব দল, কৃষক দল, মহিলা দল, মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, জিসাস, জিনাফ, জিয়া পরিষদ, ঘাট শ্রমিক দল, উলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন জিয়ার কবরে ফুল দেয়। এবার 'সংস্কারপন্থী' অংশের বিএনপির নেতা-কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর পৃথক কোনো কর্মসূচি করেনি। তাদের জিয়ার কবরেও ফুল দিতে দেখা যায়নি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিকালে বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কবর প্রাঙ্গণে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ''বিএনপিসহ চার দল সর্বাগ্রে সংসদ নির্বাচন চায়। জরুরি অবস্থা প্রত্যাহার করে এ নির্বাচন হতে হবে।'' সবদলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন হলে মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিসহ চার দল আগামীতে জনগণের রায় পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '' হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল হতেই পারে। তবে এটার মাধ্যমে আইনি প্রক্রিয়াকে যেন বাঁধাগ্রস্ত করা না হয়।'' মহাসচিব প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের জনগণের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুপুরে মহিলা দল, তাঁতী দল ও খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদের নেতারা বিশেষ কারাগারের সামনে অবস্থান নিয়ে বন্দি খালেদা জিয়ার জন্য শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া, ফল ও মিষ্টি পৌঁছে দেন কারা সুপারের কাছে। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সারাদেশে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৩২০ঘ.