২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপির সঙ্গে আস্থার সঙ্কট নয়, আপিল আইনি প্রক্রিয়ারই অংশ'

বিএনপির সঙ্গে কোনো ধরনের আস্থার সঙ্কটের কথা উড়িয়ে দিয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার বলেছেন, তারেক রহমানের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে সরকারের আপিল আইনি প্রক্রিয়ার অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে কোনো ধরনের আস্থার সঙ্কটের কথা উড়িয়ে দিয়ে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার বলেছেন, তারেক রহমানের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে সরকারের আপিল আইনি প্রক্রিয়ার অংশ। সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের মুক্তি প্রক্রিয়া অপরিবর্তিত রয়েছে। বিএনপির সঙ্গে আস্থার সঙ্কটের কারণেই তারেক রহমানের জামিনের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেছে কি না- এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "কোনও নির্দিষ্ট পরিমণ্ডলের ঘটনা থেকে বৃহত্তর কোনও উপসংহার টানার প্রয়োজন নেই, অবকাশও নেই।" হোসেন জিল্লুর বলেন, "আপিল একটি আইনী প্রক্রিয়া। আইনের একটি নিজস্ব গতি রয়েছে। সবকিছু সেভাবেই এগুচ্ছে।" এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সমাপ্তির দিকে যাচ্ছে। তার মুক্তির প্রক্রিয়ায় গতি এসেছে।" সমঝোতার মাধ্যমের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "অবশ্যই সম্ভব। গুণগত পরিবর্তন হতেই হবে।" রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী বক্তব্য দিতে থাকলে এই গুণগত পরিবর্তন আসবে কি না- এ প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "এ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। তবে গুণগত উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। তাদের বৈরী মানসিকতা ত্যাগ করতে হবে।" বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার দল ও জোটের নেতাদের কথা বলার সুযোগ দিয়ে সরকার নিরপেক্ষতা হারিয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এ প্রশ্নের উত্তর এখন দেব না। আমরা কাজ দিয়ে প্রমাণ করব। জাতি আগামীতে উত্তর পাবে।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এর আগে গতবছর ৮ মার্চ গ্রেপ্তার হন তার বড় ছেলে তারেক রহমান। কোকো সাময়িক মুক্তি নিয়ে বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে গত জুনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সাময়িক মুক্তি দেওয়ার পর খালেদা ও তারেকের মুক্তির বিষয়টিও আলোচনায় আসে। এরপর গত মাত্র দুই সপ্তাহে বিভিন্ন আদালতে বিচারাধীন ১২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান তারেক। এরপর তার আইনজীবী ও কারা কর্তৃপক্ষ জানান, জামিনের কাগজপত্র হাতে পেলেই কারা কর্তৃপক্ষ তারেককে মুক্তি দেবে। তবে ছয়টি মামলায় তারেকের জামিন স্থগিত চেয়ে গত রোববার সরকার আপিল বিভাগে আবেদন করে। সোমবার ওই আবেদন প্রত্যাখ্যান করে আদালত সরকার পক্ষকে নিয়মিত বেঞ্চে আপিল করার পরামর্শ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এডি/এমএআর/এএল/জেকে/এসকে/১৮৫৪ঘ.