ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে সাবেক চারদলীয় জোট সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মামলাগুলো গ্রহণ করে মওদুদ ও পিন্টুর বিরুদ্ধে হাজতি পরোয়ানা এবং কল্পনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আগামী ৩ সেপ্টেম্বর মামলাগুলোর পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
ব্যরিস্টার মওদুদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এনবিআরের উপ কর কমিশনার মো. হাফিজ আলম।
তিনি অভিযোগ করেছেন, ১৯৯৭-৯৮ থেকে ২০০৫-০৬ কর বর্ষ পর্যন্ত মওদুদ মোট ১৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৬৩১ টাকার তথ্য গোপন করে ৪ কোটি ১২ লাখ ৩২ হাজার ৬৫৪ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন।
নাসিরউদ্দিন পিন্টু ও নাসিমা আক্তার কল্পনার বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন এনবিআরের উপ কর কমিশনার আয়শা সিদ্দিকা।
পিন্টুর বিরুদ্ধে অভিাযোগ, তিনি আয়কর রিটার্নে ৪৪ কোটি ৮৯ লাখ ২৭ হাজার ১১০ টাকার আয় গোপন করে ১১ কোটি ২২ লাখ ৩১ হাজার ৭৭৭ টাকার কর ফাঁকি দিয়েছেন।
আর কল্পনার বিরুদ্ধে মামলায় ৫৮ লাখ ২৬ হাজার ৩১৪ টাকার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মওদুদ ও পিন্টু বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২০১৫ ঘ.
bdnews24