ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও অবৈধ সম্পদ অর্জন- এই তিনটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রোববার আপিল করেছে সরকার ও দুর্নীতি দমন কমিশন।
এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় তারেকের জামিন স্থগিত করার জন্য সরকার পক্ষে আবেদন করেন অ্যাডভোকেট অন রেকর্ড এস এম খালেকুজ্জামান।
সাংবাদিকদের তিনি জানান, "কোটি টাকার চাঁদাবাজির মামলায় গত ২৫ আগস্ট হাইকোর্ট থেকে তারেক যে জামিন পেয়েছিলেন তা স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করা হয়েছে।"
এ মামলায় তারেক রহমানকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক দুর্নীতি দমন কমিশনের এক আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় তারেকের জামিন স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
তিনটি মামলায় তারেকের জামিন স্থগিতের জন্য আপিল বিভাগে সরকার ও দুর্নীতি দমন কমিশনের আবেদনের কথা স্বীকার করে তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবেদনগুলোর ওপর সোমবার শুনানি হবে।"
জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ২৬ আগস্ট চার মাসের জামিন পান তারেক রহমান।
পরদিন চাঁদাবাজি, আয়কর ফাঁকি ও একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলাসহ পাঁচটিতে জমিন পান তিনি।
এরপর ২৮ আগস্ট সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা মামলায়ও তারেককে জামিন দেওয়া হয়। ওই জামিনসহ মোট ১৩টি মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির বাঁধা দূর হয় বলে আইনজীবীরা দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইডি/এমএইচবি/১৯৩০ ঘ.
bdnews24