ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম)- জেলহত্যা মামলায় হাইকোর্টের রায়ে সুবিচার হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত আওয়ামী লীগ নেতা এএইচএম কামরুজ্জামানের ছেলে রাজশাহীর নবনির্বাচিত মেয়র খায়রুজ্জামান লিটন রায় প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ছাড়াও বিভিন্ন দল এ রায়ে ক্ষোভ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার জেলহত্যা মামলার রায়ে হাইকোর্ট রিসালদার মোসলেমদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখে নিম্ন আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর দুই আসামি মারফত আলী এবং আবুল হোসেন মৃধাকে খালাস দেয়।
রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১২ আসামির মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মো. বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহাম্মদকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া বাকিদের সাজা বহাল রয়েছে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "এই রায় আমাদের আশাহত করেছে। আমরা আদালতের কাছে সুবিচার চেয়েছিলাম, কিন্তু তা পাইনি। জেলখানার মধ্যে এ হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। যারা খাঁচায় পুরে বেয়নট দিয়ে খুচিয়ে খুচিয়ে মেরেছে- এসব আসামি খালাস পেলে দেশে সন্ত্রাসী তৎপরতা ও হত্যাকাণ্ড বেড়ে যাবে।"
এই রায় বাংলার মানুষ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন জিল্লুর।
জেল হত্যার শিকার চার নেতার একজন এএইচএম কামরুজ্জামানের ছেলে রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার দুপুরে তিনি রায়ের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায় আমি এবং আমার পরিবারের অন্য সদস্যদের চরম মর্মাহত করেছে। আমাদের পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে এ রায় প্রত্যাখান করছি।"
লিটন বলেন, "এর আগেই আমরা নিম্ন আদালতের রায় প্রত্যাখ্যান করেছিলাম। নিম্ন আদালতের ওই রায়ের পর আমরা হাইকোর্টের কাছে সুবিচার আশা করেছিলাম। কিন্তু আমরা চরমভাবে আশাহত হয়েছি।"
তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবেন বলেও জানান লিটন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায় আমাদের কাছে খুব সঙ্গত মনে হয়নি। যেটা সবার গোচরে হয়েছে সেটা অস্বীকার করা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। এ ধরনের হত্যাকাণ্ডগুলোর ন্যায় বিচার সম্পন্ন না হলে এ দেশে খুনের রাজনীতি অব্যাহত থাকবে বলে আমি মনে করি।"
হাইকোর্টের রায়ে চার জাতীয় নেতা হত্যাকাণ্ডের ন্যায়বিচার হয়নি বলে মন্তব্য করে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "এ রায়ের মাধ্যমে এ নির্মম হত্যাকান্ডের যে ন্যায়বিচার হলো না সেটা বলার আর অপেক্ষা রাখে না। সেদিনের ওই ঘাতকদলের সঙ্গে নিশ্চয় তাদের দেশি-বিদেশি মদদানকারী শক্তি জড়িত ছিলো। তা না হলে কারাগারের মতো সুরক্ষিত স্থানে ঢুকে দীর্ঘসময় ধরে হত্যাকাণ্ড চালানো সম্ভব হতো না।"
তিনি আরও বলেন, "এই রায়ের মধ্যে দিয়ে সে কথাই কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে- একটি আলৌকিক শক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এ মামলার ন্যায় বিচারের জন্য এর আগেও আন্দোলন-সংগ্রাম করেছি, ভবিষ্যতে প্রয়োজন হলে আরো আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এএল/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24