২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা সত্ত্বেও মানববন্ধন করবে চার দল

পুলিশি বাধায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ব্যর্থ হওয়ার পর এবার নিষেধাজ্ঞা সত্ত্বেও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 07:24 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ব্যর্থ হওয়ার পর এবার নিষেধাজ্ঞা সত্ত্বেও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। বুধবার সকালে সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায় জোট নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিকালে সারাদেশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে বৈঠক শেষে জোট নেতারা সাংবাদিকদের জানিয়েছেন। খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গত ১৪ আগস্ট এ দুটি কর্মসূচি ঘোষণা করে চারদলীয় জোট। কিন্তু পুলিশি বাধার মুখে ২১ আগস্ট প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে পারেনি চারদলীয় জোট। মঙ্গলবার রাতে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবারের মানববন্ধন কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করে। চারদলীয় জোটের বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, "শত উস্কানির মধ্যেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে সরকারের প্রতি অনুরোধ, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন বাধা দেওয়া না হয়।" কর্মসূচিতে নিষেধাজ্ঞা অরোপ করার ব্যাপারে খোন্দকার দেলোয়ার বলেন, "অযথা এ ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সরকার বিএনপি ও চারদলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। আমরা অতীতেও এ ধরনের কর্মসূচি পালন করেছি। আজও শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করব।" বিএনপি মহাসচিব বলেন, "পুলিশকে ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে নৈরাজ্যকর অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে নির্বাচন নিয়ে আমাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।" খালেদার জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠানো পর্যন্ত চারদলীয় জোট ধারবাহিক কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন খোন্দকার দেলোয়ার। সোমবারের সহিংসতায় এক ব্যবসায়ীর মৃত্যুতে বিএনপি মহাসচিব দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটিয়ে তার দায় ছাত্রদলের ওপর চাপানোর অপপ্রয়াস চলছে। সোমবার কারাবন্দি তারেক রহমান হাসপাতালের বাথরুমে পড়ে গিয়ে আহত হওয়ার খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়। ঢাকা কলেজের সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হলে এর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মারা যান জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী। খোন্দকার দেলোয়ার ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন। খোন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত চারদলীয় জোটের বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচডি/এমআই/জিএনএ/১৩১৫ ঘ.