ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তারেক রহমানের মুক্তি ও তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তারেকের মুক্তি ও বিদেশে পাঠানোর ক্ষেত্রে কোন অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, "এ বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে এতে আরো সময় লাগবে।"
তারেকের উন্নত চিকিৎসার জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "জেল কোড অনুযায়ী তার চিকিৎসা করা হচ্ছে।"
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেককে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে কোন আইনগত প্রতিবন্ধকতা রয়েছে কিনা- আইন উপদেষ্টার কাছে করা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,"বিদেশ পাঠাতে কোন আইনগত সমস্যা নেই।"
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাত শেষে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান 'তারেক রহমান কারা হেফাজতে নেই' বলে মঙ্গলবার করা তার মন্তব্য অস্বীকার করে সাংবাদিকদের বলেন,"আমি এমন কথা বলিনি। আমি বলেছি, তারেক আমাদের হেফাজতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে কেবিনে রয়েছেন। তার নিরাপত্তার যাবতীয় দায়িত্ব আমাদের।"
তারেকের চিকিৎসার বিষয়ে কোন অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে এখনও কোন কথা হয়নি। খালেদার বিষয়েও কোন আলোচনা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১২১৬ ঘ.
bdnews24