ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাথরুমে পড়ে আহত তারেক রহমানের অবস্থা উন্নতির দিকে বলে চিকিৎসকদের বক্তব্যের পর তার হেফাজত নিয়ে প্রধান কারা কর্মকর্তার বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসানের দাবি, তারেক রহমান কারা কর্তৃপক্ষের হেফাজতে চিকিৎসাধীন নন। তবে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম বলছেন, এক্ষেত্রে কারাবিধি অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারাবন্দি তারেক রহমানের অবস্থা আগের চেয়ে ভালো বলে মঙ্গলবার দুপুর ১২টায় জানিয়েছেন তার চিকিৎসক কাজী মাজহারুল ইসলাম দোলন।
সোমবার হাসপাতালের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক কয়েকমাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে রয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমের সঙ্গে দেখা করার পর জাকির হাসান সাংবাদিকদের বলেন, "তারেক রহমান চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন; কারা কর্তৃপক্ষের হেফাজতে নয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি প্রিজন সেলে থাকছেন না, থাকছেন একটি কেবিনে। তাই তার আহত হওয়ার ব্যাপারে কারা কর্তৃপক্ষের কিছুই করার নেই।"
তিনি জানান, তারেকের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরই কারা কর্তৃপক্ষ নির্ভর করছে।
চিকিৎসার জন্য তারেককে বিদেশ পাঠানো হবে কিনা- জানতে চাওয়া হলে কারা মহাপরিদর্শক বলেন, "এক্ষেত্রে আমাদের কিছু করার নেই।"
হাসপাতালে প্রিজন সেলে তারেকের না থাকার বিষয়ের ব্যাখ্যা জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম সাংবাদিকদের বলেন, "এ ক্ষেত্রে কারাবিধি অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে।"
এক্ষেত্রে প্রশাসনিক কোনও নির্দেশ জারি করা হয়েছে কিনা- প্রশ্ন করা হলে তা এড়িয়ে সচিব বলেন, "এক্ষেত্রেও কারাবিধি অনুসরণ করা হয়েছে।"
তারেককে দেখে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আর্থাস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটের প্রধান কাজী মাজহারুল ইসলাম দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকালের (সোমবার) চেয়ে তারেক রহমানের শারীরিক অবস্থা খানিকটা ভালো। তবে তার মাথার ডান দিকে জখমের স্থানটি ফুলে আছে। ব্যথাও আছে। শরীরে জ্বর আছে এবং তিনি বেশ দুর্বলও।"
ডা. বলেন, "৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত রোগীর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তাকে সম্পূর্ণ পর্যবেক্ষণ রাখা হয়েছে।"
কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীও সকাল সাড়ে ১১টায় তারেককে দেখতে হাসপাতালে যান।
এরপর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকরা তাকে (তারেক) দেখেছেন। তিনি এখন ভালোই আছেন। আমার সঙ্গে কথা হয়েছে তার। কোনও সমস্যার কথা তিনি আমাকে বলেননি।"
গত বছরের ৮ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
অসুস্থ তারেক রহমানকে বিদেশ পাঠানোর জন্য বিএনপি দাবি জানিয়ে আসছে। তারেকের ছোট ভাই কারাবন্দি আরাফাত রহমান কোকো সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংকক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/এএল/এমআই/জিএনএ/১৫৫০ ঘ.
bdnews24