২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো আইনে জাতীয় নির্বাচনের দাবি দেলোয়ারের

নতুন জারি করা গণপ্রতিনিধিত্ব আদেশ প্রত্যাহার করে পুরনো আইনেই জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে চারদল। আইনটিকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, "এটি পুরনো বোতলে নতুন মদ রাখার মতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন জারি করা গণপ্রতিনিধিত্ব আদেশ প্রত্যাহার করে পুরনো আইনেই জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে চারদল। আইনটিকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, "এটি পুরনো বোতলে নতুন মদ রাখার মতো। এ ধরণের আইন করার কোনো এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের নেই। এটি কেবল সংসদই করতে পারে।'' রোববার চারদলীয় ঐক্যজোটের মহাসচিবদের এক বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ারের বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৭ আগস্ট ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়। গত ১৯ আগস্ট ১৯৭২-এর গণপ্রতিধিত্ব আদেশ, (সংশোধন) অধ্যাদেশ ২০০৮ নামের অধ্যাদেশটির অনুমোদন দেয় সরকার। এতে 'না' ভোটের বিধান, সর্বোচ্চ তিন আসনে প্রার্থীতা, প্রার্থী হতে ভোটার হওয়া বাধ্যতামূলক, প্রার্থীকে আট দফা তথ্য প্রদান এবং নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি পুনরুল্লেখ করেন খোন্দকার দেলোয়ার। তিনি অভিযোগ করেন, নির্বাচনে চারদলকে বাদ দিতে অথবা সংসদ নির্বাচনকে বিলম্বিত করতেই এ অধ্যাদেশ জারি করা হয়েছে। এ অধ্যাদেশের অধীনে নির্বাচন হলে চারদল অংশ নেবে কিনা- প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "এখন আমরা আইনটি সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি করেছি। এ বিষয়ে প্রতিনিয়ত আমরা পর্যালোচনা ও মূল্যায়ন করছি।" জরুরি অবস্থা প্রত্যাহর করে অক্টোবরে সংসদ নির্বাচন করার দাবি জানিয়ে দেলোয়ার বলেন, "জরুরি অবস্থার মধ্যে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। কিন্তু সরকার একটি বিশেষ দলকে জেতানোর জন্য গত ৪ আগস্ট স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচন করেছে। এ নির্বাচন সুষ্ঠু ও বৈধ নয়।" তারেক রহমানকে বিদেশে পাঠাতে সরকারের মনোভাবের সমালোচনা করে তিনি বলেন, "একদিকে কম অসুস্থ নেতাদের বিদেশে পাঠানো হচ্ছে। অন্যদিকে গুরুতর অসুস্থ তারেককের ক্ষেত্রে করা হচ্ছে বিমাতাসুলভ আচরণ।" দেলোয়ারের সভাপতিত্বে চারদলের বৈঠকে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, মহানগর সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, মহানগর নেতা তৈয়েবুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের ও বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও সাবেক ছাত্র নেতা হাবিব উন নবী খান সোহেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৫৩১ ঘ.