ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তত্ত্বাবধায়ক সরকার গত ১৯ মাসে সবকিছু জগাখিচুড়ি বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। (আরও তথ্যসহ)
তিনি বলেন, "তাদের শাসনামলে দেশে দরিদ্র লোকের সংখ্যা বেড়েছে, দুর্নীতি বেড়েছে, অপরাধ বেড়েছে।"
শনিবার বিকেলে বরগুনা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাদের এক সমাবেশে মুজাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচনই হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র পন্থা। অনির্বাচিত সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।"
মুজাহিদ বলেন, "মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করে এ সরকার প্রমাণ করেছে তারা দুর্নীতি দমন করতে আসেনি, এসেছে অন্য উদ্দেশ্য নিয়ে।"
বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা আবু জাফর মো. সালেহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা এ টি এম মাসুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, বরিশাল মহানগর আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. সুলতান আহম্মদ প্রমুখ।
আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, সকালে শহরের পুরাতন টাউন হলে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাদের সমাবেশে মুজাহিদ সংসদ নির্বাচনের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, "উপজেলা নির্বাচন নিয়ে তালবাহানা না করে সরাসরি জাতীয় নির্বাচন দিন।"
দুর্নীতি বিরোধী অভিযানের সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্ধৃতি দিয়ে মুজাহিদ বলেন, "এ সরকারের আমলে পাঁচ হাজার কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। তাই তাদের দূর্নীতি বিরোধী অভিযান যথাযথ নয়।"
রাজনৈতিক দলের সংস্কার সম্পর্কে তিনি বলেন, "যারা চাপ দিয়ে এবং ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা করে তাদের দিয়ে জাতি ভাল কিছু আশা করতে পারে না। নির্বাচিত সরকার ছাড়া অন্য কোন সরকার জনগণের দরদ বোঝে না।"
জেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত মেজর আবদুল ওয়াহাব মিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24