ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আলাদা দুটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।
বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে আইনজীবীরা আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী বুধবার তা নাকচ করেন।
এছাড়া, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক।
জরুরি বিধিমালার মামলা হওয়ায় নিম্ন আদালতের জামিন দেওয়ার এখতিয়ার নেই বলে উল্লেখ করেছেন দুই বিচারক।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে গত ৩ জুলাই মামলা করে দুদক।
অন্যদিকে, বড় পুকুরিয়া কয়লা খনি উন্নয়ন কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনের বিরুদ্ধে ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলা করা হয়।
চুক্তির কারণে সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয় বলে অভিযোগ করে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/১৯৩৮ ঘ.
bdnews24