২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে নিয়েই নির্বাচনে যেতে চাই: আমু

জরুরি অবস্থা প্রত্যাহার এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তি ছাড়া কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তি ছাড়া কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার পুরান ঢাকার কবি নজরুল কলেজে এক আলোচনা সভায় তিনি বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার এবং শেখ হাসিনার স্থায়ী মুক্তি ছাড়া বাংলার মাটিতে কোনও নির্বাচন আওয়ামী লীগ মেনে নেবে না। আমরা নেত্রীকে (হাসিনা) নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।" আমু স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতীর পিতা' ঘোষণা করার জন্যও সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। ছাত্রলীগের কবি নজরুল কলেজ শাখা ওই আলোচনা সভা আয়োজন করে। মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সিনিয়র সভাপতি গোলাম সরোয়ার কবির, কামরুল হাসান রিপন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৫ ঘ.