২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক লীগ আ. লীগের অঙ্গ সংগঠন নয়: আমু

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু দাবি করেছেন, কোনো শ্রমিক সংগঠন কোনো রাজনৈতিক দলের অঙ্গ বা সহযোগী সংগঠন হতে পারে না। জাতীয় শ্রমিক লীগও আওয়ামী লীগের অঙ্গ বা সহযোগী সংগঠন নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু দাবি করেছেন, কোনো শ্রমিক সংগঠন কোনো রাজনৈতিক দলের অঙ্গ বা সহযোগী সংগঠন হতে পারে না। জাতীয় শ্রমিক লীগও আওয়ামী লীগের অঙ্গ বা সহযোগী সংগঠন নয়। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এ সদস্য রোববার বিকালে জাতীয় শ্রমিক লীগের এক আলোচনা সভায় বলেন, সংগঠনটির আলাদা নিবন্ধন রয়েছে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুযায়ীই এটি পরিচালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর শাখা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আমু আরও বলেন, কোনো শ্রমিক সংগঠনই কোনো রাজনৈতিক দলের অঙ্গ বা সহযোগী সংগঠন হতে পারে না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সব সরকারি ও বেসরকারি অফিসে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর আদেশ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "গত ১৯ মাসে বিএনপি'র স্বভাবের কোনো পরিবর্তন হয়নি।" বিভিন্ন সময়ে একাধিক তারিখ প্রচারিত হওয়ায় খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক আছে। খালেদা জিয়ার 'প্রকৃত' জন্ম তারিখ বের করতে একজন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমদ। তিনি বলেন, "১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন নয়, বিএনপি'র জন্মদিন। এই দিন বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমেই বিএনপি'র রাজনৈতিক জন্ম হয়।" জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর শাখার সভাপতি হাবিবুর রহমান আকন্দ এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। জলিল শিগগিরই মুক্তি পাবেন : জিল্লুর রহমান এদিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী বকুল ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বিকেলে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করেন। তারা দলের সাধারণ সম্পাদক কারাবন্দি আবদুল জলিলের মুক্তির জন্য সক্রিয় পদক্ষেপ নিতে জিল্লুর রহমানের প্রতি আহ্বান জানান। জিল্লুর নওগাঁর নেতাকর্মীদের বলেন, "আমার কাছে যে ধরনের তথ্য আছে তাতে আব্দুল জলিল শিগগিরই মুক্তি পাবেন।" আব্দুল জলিলকে তার দেখা শ্রেষ্ঠ নেতাদের একজন আখ্যায়িত করে জিল্লুর রহমান বলেন, "বঙ্গবন্ধুকে বাদ দিলে আওয়ামী লীগের শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক তিনিই। আমরা তার স্থায়ী জামিনের চেষ্টায় কোনো ত্র"টি করছি না।" পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংলাপের পরবর্তী তারিখ এখনো নির্ধারণ হয়নি। আলোচনায় বসে যদি সব সমস্যার সমাধান হয়, তাহলে আমরা আলোচনায় বসতে রাজি।" শেখ হাসিনা কবে দেশে ফিরছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এখন পর্যন্ত আমি জানি, আগামী সেপ্টেম্বরই দেশে ফিরবেন তিনি।" হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী সরকার আওয়ামী লীগ সভানেত্রীর মুক্তির মেয়াদ বাড়াবে বলে রোববার সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেছেন। অধ্যাপক মোদাচ্ছের বলেন, চিকিৎসকরা আরও বেশি সময় রাখতে চাইলেও সেপ্টেম্বরের শেষেই দেশে ফিরতে চান হাসিনা। হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ ৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসকে/২০৩৯ঘ.