২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেছেন জিল্লুর রহমান

আবারও জরুরি অবস্থা প্রত্যাহার করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন," অবিলম্বে জরুরি অবস্থা বাতিল করে জাতীয় নির্বাচনের তারিখ দিন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আবারও জরুরি অবস্থা প্রত্যাহার করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন," অবিলম্বে জরুরি অবস্থা বাতিল করে জাতীয় নির্বাচনের তারিখ দিন।" জাতীয় নির্বাচনের আগে সব ধরনের স্থানীয় নির্বাচনের বিরোধিতা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন,"যদি দেশের মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে এই সরকারের এমন কোন ক্ষমতা নেই যে জাতীয় নির্বাচনের আগে অন্য কোন স্থানীয় নির্বাচন করতে পারবে।" ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে " বঙ্গবন্ধু ও বর্তমান বাংলাদেশ" শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। জিল্লুর রহমান বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপরও আলোকপাত করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন," আমি জাতীয় নির্বাচন নিয়ে কোনও সংশয় দেখি না। সংশয় উপজেলা নির্বাচন নিয়ে। কারণ এটা একটা নতুন ষড়যন্ত্র।" পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়কারী অবসপ্রাপ্ত লে. জেনারেল হারুন অর রশীদ, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারকাত, ডা. কামরুল হাসান খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/২২৪৫ঘ.