ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, এইচআরসি গ্র"পের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ও বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সিকে জামিন দিয়েছে হাইকোর্ট।
মহিউদ্দিন, সাঈদ চৌধুরী ও মুন্সির জামিন, মীর্জা আজমের স্থগিত
ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, এইচআরসি গ্র"পের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী ও বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সিকে জামিন দিয়েছে হাইকোর্ট।
এদিকে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজমের জামিন এক মাসের জন্য স্থগিত করেছে। গত সোমবার হাইকোর্ট মীর্জা আজমকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় জামিন দিয়েছিল।
বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ বুধবার মেয়র মহিউদ্দিনকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় তিন মাসের জামিন দেয়।
তার বিরুদ্ধে করা মামলাটি কেন বাতিল করা হবে না- সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে তার কারণও জানতে চেয়েছে আদালত।
মেয়র মহিউদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
২০০৭ সালের ২ ডিসেম্বর চট্টগ্রামের ডাবলমুরিং থানায় মহিউদ্দিন চৌধুরী ও তার স্ত্রী হাসিনা মহিউদ্দিনের বিরুদ্ধে ৩ কোটি ৮৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেছিল দুদক।
এদিকে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এইচআরসির চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় তিন মাসের জামিন দিয়েছে।
তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে সরকারের প্রতি রুলও জারি করেছে আদালত।
জরুরি বিধিমালার একটি মামলায় গত ১৮ জুলাই প্রথমবার গ্রেপ্তার হন ব্যবসায়ী সাঈদ হোসেন চৌধুরী। ২৯ জুলাই তাকে জামিন দেয় হাইকোর্ট। কিন্তু ১ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর ফের গ্রেপ্তার হন তিনি। পরদিন গুলশান থানায় সাঈদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে জরুরি ক্ষমতা বিধিমালায় আরেকটি মামলা করা হয়।
এ মামলায় তার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
হাইকোর্টের একই বেঞ্চ বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সিকে একটি চাঁদাবাজির মামলায় ছয় মাসের জামিন দিয়েছে।
তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- সরকারের কাছে তাও জানতে চেয়েছে আদালত।
হাইকোর্টে মুন্সির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শরীফউদ্দিন চাকলাদার ও মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে।
এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা সরকারকে জানাতে বলেছে হাইকোর্ট। আদালতে কোকোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
বিএনপি নেতা আশরাফ হোসেনকে হাইকোর্টের এই বেঞ্চ জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় ছয় মাসের জামিন দেয়। তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবেনা আগামী চার সপ্তাহের মধ্যে তা জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
আশরাফের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল মালেক।
এ বেঞ্চ বিএনপির সাংসদ হাফিজ ইব্রাহিমকেও তিনটি মামলায় জামিন দেয়।
জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন হাফিজ ইব্রাহিম। এছাড়া ২০০১ সালের নির্বাচনের সময় নকিব হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে চার মাসের জামিন ও মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।
হাফিজ ইব্রাহিমকে ২০০৪ সালের একটি চাঁদাবাজির মামলায় চার মাস জামিন দিয়ে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফকরুল ইসলাম।
শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ নারী নির্যাতনের একটি মামলায় নওগাঁয় বিএনপির সাবেক সাংসদ শামসুজ্জোহাকে তিন মাসের জামিন দেয়।
তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ সরকারকে জানাতে বলেছে আদালত।
এছাড়া, একই বেঞ্চ কক্সবাজারের সাবেক সাংসদ আলমগীর ফরিদকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন মাসের জামিন ও মামলার কার্যক্রম একই সময়ের জন্য স্থগিত করে।
মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না- চার সপ্তাহের মধ্যে তা জানাতে সরকারের প্রতি রুলও জারি করা হয়েছে। শামসুজ্জোহা ও ফরিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/২০৩৯ঘ.
bdnews24