ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো এবং তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের জন্য তার স্বামী ড.এম ওয়াজেদ মিয়া প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার এই আবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেন শেখ হাসিনার বিশেষ সহকারী ড.হাসান মাহমুদ এবং আইনজীবী ও ভাইপো ব্যারিস্টার ফজলে নূর তাপস।
১১ মাস বন্দি থাকার পর চিকিৎসার জন্য বিদেশ যেতে গত ১১ জুন বিশেষ ব্যবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়।
ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪০১ (৪এ) ধারার ক্ষমতাবলে ১১ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত হাসিনাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরদিনই উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে যান। এখন তিনি সেখানেই অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের দর্শনার্থী কক্ষে এই আবেদন পৌঁছে দিয়ে ব্যারিস্টার তাপস অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো এবং দায়ের করা সব মামলা প্রত্যাহারের জন্য এই আবেদনটি করা হয়েছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদনটি করা হয়েছে। নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।"
ড.হাসান মাহমুদ বলেন, 'আমরা আশা করি, নেত্রীকে (শেখ হাসিনা) স্থায়ী মুক্তি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৭২৭ঘ.
bdnews24